মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৯:০০ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৬, ০৯:২৩ এএম

সাভারে এক বাড়িতে আগুন, জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪

সারাদেশ
Sub Editor
সাভারে এক বাড়িতে আগুন, জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪
ছবি: সংগ্রহীত

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে বাড়ির মালিকের ছেলের দেওয়া আগুন থেকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন জাবির নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম।

অন্য দগ্ধ ব্যক্তিরা হলেন—বাড়ির মালিক আব্দুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং একই এলাকার ভাড়াটিয়া মো. হাসিনুর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রায়হান ও রাহাতের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে সেই বিরোধ চরমে উঠলে রায়হান দোতলার একটি কক্ষে পেট্রল ঢেলে দেন। পরিস্থিতি শান্ত করতে রায়হানের পরিচিত সাইফুল ইসলাম ও প্রতিবেশী হাসিনুর ওই কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে রায়হান গ্যাস লাইটার জ্বালালে সঙ্গে সঙ্গে ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক অমিতাভ দাস জানান, দগ্ধদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।