চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পৃথক সহিংসতার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মোট নয়জন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়া এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণাকালে প্রথম সহিংসতার ঘটনা ঘটে। এতে স্থানীয় বিএনপিকর্মী শামসুল আলম (৬১) ও মো. দেলোয়ার হোসেন (৪৫) আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিএনপির অভিযোগ, দলটির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে ধানের শীষের ব্যানার ও ফেস্টুন টাঙানোর সময় জামায়াতের কর্মী-সমর্থকরা বাধা দেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করা হচ্ছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন দাবি করেন, এ ঘটনার সঙ্গে জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নয়। এটি বিএনপির অভ্যন্তরীণ বিরোধের ফল হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই দিন রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ ওঠে। এতে জামায়াতের সাতজন নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন—এরশাদ উল্লাহ, গোলাম মঞ্জুর মোরশেদ, বারাকাত উল্লাহ, মো. বাহার, জসিম উদ্দিন, মহিবুল্লাহ ও মো. আরিফ। তাঁদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াত নেতাদের দাবি, নিয়মিত গণসংযোগ চলাকালে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মসূচি ভেঙে যায়।
জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী অভিযোগ করেন, স্থানীয় বিএনপি কর্মীরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। হামলার সময় মোবাইল ফোন, হ্যান্ডমাইক ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।