আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে মার্কিন নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ ও বড় জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
এর আগে সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে চলাফেরার বিষয়ে একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল।
দূতাবাস জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঝুঁকি তৈরি হতে পারে। এ ধরনের ঘটনা সমাবেশ, ভোটকেন্দ্র কিংবা ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের শান্তিপূর্ণ হলেও যেকোনো বিক্ষোভ বা জমায়েত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচল এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত আকারে সশরীরে সেবা দেবে।
দূতাবাসের পরামর্শ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকদের উচিত বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, নিয়মিত স্থানীয় সংবাদ অনুসরণ করা, জরুরি যোগাযোগের জন্য চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং বিকল্প যাতায়াতের পথ আগেই ঠিক করে রাখা।