মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৩:০১ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২৬, ০৬:৫৬ পিএম

বিদেশি অস্ত্রসহ দুই সাবেক বিএনপি-যুবদল নেতা আটক

রাজনীতি
Sub Editor
বিদেশি অস্ত্রসহ দুই সাবেক বিএনপি-যুবদল নেতা আটক
শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট এবং তার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন। ছবি: যুগান্তর

মাগুরার শালিখা উপজেলায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতার হওয়া দুজন হলেন শালিখা উপজেলা

বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট এবং তার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা, দুটি ছুরি ও দুটি চাকু উদ্ধার করে। অভিযানের সময় দুই ভাইকে আটক করে শালিখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার দুই ভাই আড়পাড়া গ্রামের বাসিন্দা মুন্সি শহিদুর রহমানের সন্তান। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুন্সি নয়নুজ্জামান নয়নকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। পরে চলতি বছরের ২৪ জানুয়ারি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে নিজ পদে পুনর্বহাল করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।