মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৮:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৬, ০৯:২৩ এএম

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে রুশ হামলা সাময়িক বন্ধ

আন্তর্জাতিক
Sub Editor
ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে রুশ হামলা সাময়িক বন্ধ
মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি দিলো রাশিয়া - ছবি: সংগ্রহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছে রাশিয়া। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই সাময়িক বিরতি ভবিষ্যতে যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরি করবে বলে মস্কো আশা করছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি পেসকভ। ইউক্রেনের সঙ্গে এ সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি না কিংবা কিয়েভও একই সময়ের জন্য হামলা বন্ধ রাখবে কি না—এসব প্রশ্ন এড়িয়ে যান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইউক্রেনে তীব্র শীতের কারণে রুশ বাহিনী এক সপ্তাহ হামলা চালাবে না। তিনি আরও দাবি করেন, ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা বন্ধের অনুরোধ জানান এবং পুতিন এতে সম্মতি দেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, দুই নেতার মধ্যে আলোচনাটি ছিল ইতিবাচক।

এদিকে বুধবার ইউক্রেনের এক সংসদ সদস্য অ্যালেক্সেই গোনচারেঙ্কো দাবি করেন, ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা বন্ধের বিষয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি সমঝোতা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ইউক্রেনে প্রচণ্ড শীত বিরাজ করছে। দেশটির বিভিন্ন অঞ্চলে গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার থেকে তাপমাত্রা আরও কমে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।