জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ সংসদীয় আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে তার সমর্থকদের ভয় দেখানো হচ্ছে এবং পরিকল্পিতভাবে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় নির্বাচনি গণসংযোগ চলাকালে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন বিকেলে প্রচারণার ব্যানার টাঙানো হলেও রাত নামলেই সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। কে বা কারা এসব করছে, এলাকাবাসী তা জানলেও ভয়ের কারণে কেউ মুখ খুলছে না। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী তার কর্মী-সমর্থক এবং সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ঢাকা-১১ আসনে এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিজের আসনের এমন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন—অন্য আসনগুলোতে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে।
এদিকে, ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে, যা তিনি নির্বাচন কমিশনের কাছে গোপন করেছেন। একজন সচেতন নাগরিক হিসেবে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এখন বিষয়টি আইন অনুযায়ী আদালতই নিষ্পত্তি করবেন বলে জানান তিনি।
সোমবার সকাল ও বিকেলজুড়ে রামপুরার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নাহিদ ইসলাম। সকাল ১১টার দিকে তিনি পূর্ব রামপুরার কুঞ্জবন ও হাই স্কুল রোড এলাকায় প্রচারণা চালান। দুপুরে মতবিনিময় সভায় অংশ নেন।
বিকেল সাড়ে ৪টা থেকে তিনি ভূঁইয়া গলি, ব্যাংক কলোনি ও তিতাস রোড হয়ে রামপুরা টিভি সেন্টার পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।