লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শের দল নেই। তার দাবি, দলটি এখন ভাড়াটে, দুর্নীতিগ্রস্ত ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণে চলে গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ অভিযোগ করেন, কোথাও কোনো সেতু পড়ে থাকলেও সেখান থেকে চাঁদা আদায় করা হয়। খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ার পর বিএনপি আবারও প্রকাশ্যে চাঁদাবাজির রাজনীতিতে জড়িয়ে পড়ে। তিনি বলেন, চাঁদাবাজদের সঙ্গে থেকে রাজনীতি করা তার পক্ষে সম্ভব নয়।
বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে এলডিপি চেয়ারম্যান বলেন, দলটি এখন বিদেশি প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আগে এরশাদ একটি চেইনে আবদ্ধ ছিলেন, পরে জি এম কাদের দুইটি চেইনে বাঁধা পড়েন। আর এখন যারা আমাদের বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়েছে, তারা তিনটি চেইনে ভারতের সঙ্গে যুক্ত।
তিনি আরও বলেন, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক ঝুঁকিতে পড়বে। স্বাধীনতা রক্ষার জন্য আমরা যুদ্ধ করেছি, অথচ এখন একটি দল অন্যের ইচ্ছায় পরিচালিত হয়ে দালালির রাজনীতি করছে।
এই জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।