মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৫:৩৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৫ এএম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম

রাজনীতি
Sub Editor
এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: সংগ্রহীত

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত গোপন নথিপত্র সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

যৌন অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও গোপন বৈশ্বিক যোগাযোগের জটিল জাল হিসেবেই পরিচিত এই নথিগুলো, যা পরিচিত ‘এপস্টেইন ফাইলস’ নামে। এসব ফাইলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে আসায় বিষয়টি বাড়তি গুরুত্ব পেয়েছে।

গবেষণা কার্যক্রম, দাতব্য উদ্যোগ, জলবায়ু উদ্বাস্তু ইস্যু, রাজনীতি ও ব্যবসায়িক যোগাযোগ—বিভিন্ন খাতে বিস্তৃত ছিল এপস্টেইনের আন্তর্জাতিক নেটওয়ার্ক। নথি অনুযায়ী, সেই নেটওয়ার্কে বাংলাদেশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

একটি ই-মেইলে উল্লেখ করা হয়, একটি নির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছিল। কারণ ওই সময়ে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাত ৮টায় বৈঠকে ব্যস্ত ছিলেন।

অন্য একটি নথিতে দেখা যায়, এপস্টেইন বাংলাদেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে লেখা একটি নিবন্ধ পড়েছিলেন। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানা প্রবন্ধ সংগ্রহ করতেন বলেও উল্লেখ রয়েছে।

আরও চমকপ্রদ তথ্য হলো—একজন নরওয়েজিয়ান কূটনীতিক নিয়মিত এপস্টেইনকে বিভিন্ন প্রবন্ধ পাঠাতেন, যেখানে আন্তর্জাতিক বিষয়াবলীর পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত খবরও অন্তর্ভুক্ত ছিল।

এপস্টেইন ফাইলস কী?
দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার সময় এপস্টেইনের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ই-মেইল, নথি, ছবি ও ভিডিও জব্দ করা হয়। এসব দলিলই ‘এপস্টেইন ফাইলস’ নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি, ১ লাখ ৮০ হাজারের বেশি ছবি এবং প্রায় ২ হাজার ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে তার মানি লন্ডারিং ও যৌন পাচার সংক্রান্ত বিস্তৃত তথ্য উঠে এসেছে।

নথিতে আরও যা রয়েছে
কারাবন্দি অবস্থায় এপস্টেইনের মানসিক মূল্যায়ন, তার মৃত্যুকে ঘিরে রহস্যজনক তথ্য, সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত ও দোষ স্বীকার, এবং প্রভাবশালী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সঙ্গে তার ই-মেইল যোগাযোগের বিস্তারিত বিবরণ এতে অন্তর্ভুক্ত। এসব নথি ইঙ্গিত দেয়, আইনি জটিলতার মধ্যেও এপস্টেইন বিশ্বের প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম ছিলেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।