মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৩:০৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৫ পিএম

৭১-এর বিরোধীরা এখন ক্ষমতা দখলের নেশায় মত্ত: মির্জা ফখরুল

রাজনীতি
Sub Editor
৭১-এর বিরোধীরা এখন ক্ষমতা দখলের নেশায় মত্ত: মির্জা ফখরুল
ছবি: সংগ্রহীত

বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁও জেলাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই অঞ্চলে নতুন শিল্পকারখানা স্থাপন করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, একটি রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার বানিয়ে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় ওই দল স্বাধীনতার বিরোধিতা করে লাখ লাখ মানুষ হত্যায় জড়িত ছিল এবং দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এমনকি যুদ্ধকালীন সময়ে বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি পেট্রোল পাম্পের ট্যাংক ও ট্রাক লুটের ঘটনাও ঘটিয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশে উন্নয়নের সূচনা করেছে বিএনপি। তার মতে, বিএনপিকে বাদ দিয়ে দেশে সুষম উন্নয়ন সম্ভব নয়। মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের ইতিহাসকে উপেক্ষা করে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। একাত্তর আমাদের পথ দেখিয়েছে এবং অগ্রগতির বহু সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় জেলা ছাত্রদলের সভাপতি কায়েসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।