অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার না হওয়ায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আসন্ন গণভোটের প্রচার ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সচেতনতা বৃদ্ধিবিষয়ক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে এমন কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি যা দেশের নাগরিকদের অধিকার সীমিত করবে। বরং এই সনদের মাধ্যমে নাগরিক অধিকার আরও সুসংহত করা হবে। তিনি জানান, একক ব্যক্তির কর্তৃত্ববাদী শাসন যেন ভবিষ্যতে আর ফিরে না আসে, সে বিষয়টিও সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়ের সীমাবদ্ধতার কারণেই গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।