দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচন করে চালু হয়েছে বিটিসিএলের ‘মোবাইল ভার্চ্যুয়াল নেটওয়ার্ক অপারেটর’ (এমভিএনও) সিম।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিচালনায় ভয়েস ও ডাটা কলসহ সব কারিগরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের প্রথম এমভিএনও সিমটি সচল হয়েছে। এর আওতায় ভয়েস কল, ডাটা কল, ‘আলাপ’ থেকে মোবাইল নেটওয়ার্ক, ‘আলাপ টু আলাপ’ এবং জিপন ইন্টিগ্রেশনের চারটি কার্যক্রম সফলভাবে প্রভিশনিং হয়েছে। পাশাপাশি কল টেস্টও সম্পন্ন হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দুপুরে বিটিসিএলের গুলিস্তান ও রমনা কার্যালয়ে প্রভিশনিং, অ্যাক্টিভেশন ও টেস্ট কল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ৮ ফেব্রুয়ারি এমভিএনও সেবার ‘লাইভ পাইলট’ কার্যক্রম শুরু হবে।
এর আগে, গত ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেওয়া হয়েছিল। সংশ্লিষ্টরা মনে করেন, আধুনিক এই প্রযুক্তি চালুর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি গ্রাহক সেবায় আরও এক ধাপ এগিয়েছে।