মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০১:৪২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ এএম

গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ
Sub Editor
গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গৃহবধূ মিতু রানী সরকার - ছবি: সংগ্রহীত

গাইবান্ধা সদর উপজেলায় শয়নকক্ষ থেকে মিতু রানী সরকার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান।

মিতু রানী সরকার কোমরপুর এলাকার রিপন সরকারের স্ত্রী এবং একই এলাকার দুলাল মহন্তের মেয়ে। তাদের দাম্পত্য জীবনে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবারের দাবি, মৃত্যুর আগে মিতু তার স্বামীকে উদ্দেশ করে একটি চিরকুট লেখেন। সেখানে তিনি দাম্পত্য জীবনে অবহেলা, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গভীর কষ্টের কথা উল্লেখ করেন। চিরকুটে তিনি জানান, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের আচরণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে মিতুর ওপর নির্যাতন চালানো হতো। ভিন্ন সম্প্রদায়ের হওয়ায় শ্বশুরবাড়িতে তাকে প্রায়ই হেয় করা হতো বলে অভিযোগ রয়েছে। কয়েক দফা মারধরের পর তাকে বাবার বাড়িতে পাঠানো হয় এবং চিকিৎসাও করানো হয়। এরই ধারাবাহিকতায় বাবার বাড়িতে অবস্থানকালে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মিতুর বাবা দুলাল মহন্ত বাদী হয়ে রিপন সরকার ও তার বাবা-মাকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।