মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০২:৪৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ এএম

রোজার দিনেও ২২ স্থানে পাকিস্তানের হামলা, আফগানিস্তানে নিহত ২৭৪

আন্তর্জাতিক
Sub Editor
রোজার দিনেও ২২ স্থানে পাকিস্তানের হামলা, আফগানিস্তানে নিহত ২৭৪
ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তীব্র অস্থিরতা তৈরি করে আফগানিস্তানের ভেতরে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরি জানান, বৃহস্পতিবার রাতজুড়ে আফগানিস্তানের ২২টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা পরিচালনা করা হয়।

ইসলামাবাদের দাবি, এতে অন্তত ২৭৪ জন তালেবান কর্মকর্তা ও যোদ্ধা নিহত হয়েছেন।

দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এখন কার্যত সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণার কথা জানিয়েছেন। এর আগে ডুরান্ড লাইন ঘেঁষে পাকিস্তান সীমান্তে বড় ধরনের হামলা চালায় আফগান তালেবান বাহিনী। পাল্টা পদক্ষেপ হিসেবে কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান।

পাকিস্তানি সেনাবাহিনীর তথ্যমতে, এই অভিযানে ২৭৪ জন নিহতের পাশাপাশি ৪০০-এর বেশি তালেবান যোদ্ধা আহত হয়েছেন। এছাড়া ৮৩টি তালেবান ফাঁড়ি ধ্বংস এবং ১৭টি ফাঁড়ি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করা হয়েছে। সংঘর্ষে পাকিস্তানের ১২ জন সেনা নিহত ও ২৭ জন আহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে ইসলামাবাদ।

অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিন্ন তথ্য দিয়েছে। কাবুলের দাবি, ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। আফগান পক্ষের নিহতের সংখ্যা তারা জানিয়েছে ৮ জন।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আগ্রাসী পদক্ষেপ কঠোরভাবে প্রতিহত করা হবে। তবে উভয় পক্ষের হতাহতের পরিসংখ্যান এখনো স্বাধীন বা নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।