রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর তাঁর প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় মনোনয়ন পাওয়ার পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পক্ষে কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে বিএনপির মহাসচিবের পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে রাষ্ট্রপতি প্রার্থী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে তাঁকে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত করা হয়। এরপর থেকে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক মামলায় তাঁকে একাধিকবার কারাগারেও যেতে হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে বিএনপির রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পান।
সংসদ সদস্য ও মন্ত্রীও হয়েছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। বুধবার সকালে তাঁর মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে।
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটের সম্ভাবনা
শেষ পর্যন্ত একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি পদে সরাসরি সংসদীয় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল।
পরবর্তী সময়ে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবার বিএনপি ও বিরোধী জোটের পক্ষ থেকে পৃথক প্রার্থী থাকায় সেই ধারায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
সে হিসাবে সব আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার পথে রয়েছেন।