ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সোমবার দাবি করেছে, তারা লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক জাহাজ ও এর সঙ্গে থাকা চারটি এসকর্ট নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং সবগুলো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে।
বিবৃতিতে দাবি করা হয়, হামলায় সৌদি যুদ্ধজাহাজটিতে আগুন ধরে যায়। এর সঙ্গে থাকা কয়েকটি নৌযান ডুবে যায় এবং অন্যগুলোতেও আগুন ধরে। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ দেয়নি।
মোচা বন্দরে হুথিদের হামলা
এদিকে লোহিত সাগরের বাব আল-মানদাব প্রণালির কাছে ইয়েমেনের মোচা বন্দরেও হুথিদের হামলার খবর পাওয়া গেছে। বন্দরের পরিচালক শনিবার জানিয়েছেন, সাম্প্রতিক কয়েক দিনে ২৫টির বেশি ক্ষেপণাস্ত্র হামলার পর বন্দরটির বাণিজ্যিক ও নৌযান চলাচল স্থগিত করা হয়েছে।