মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১১:২৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৬, ০৩:৪৯ পিএম

উদ্বোধনী ম্যাচের বড় অঘটন, তালিকায় কোথায় ম্যানইউর হার?

খেলা
Sub Editor
উদ্বোধনী ম্যাচের বড় অঘটন, তালিকায় কোথায় ম্যানইউর হার?
গত সাত মৌসুমে চারবারই প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে হেরেছে ম্যানইউ।ছবি/ বিবিসি

মৌসুম শুরুর আগে অতিরিক্ত আশাবাদ অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা এবার সেটিই টের পেয়েছেন। শনিবার নবাগত হাল সিটির কাছে ২-০ গোলে হেরে মৌসুম শুরু করেছে ইউনাইটেড। নয় বছর পর প্রিমিয়ার লিগে ফেরা হাল ম্যাচজুড়েই ছিল দুর্দান্ত।

শীর্ষ লিগে এর আগে কখনো ইউনাইটেডকে হারাতে পারেনি দলটি।

নতুন মৌসুমের প্রথম ম্যাচে নবাগত কোনো দলের কাছে ইউনাইটেডের হারের ঘটনাও এবারই প্রথম। তবে উদ্বোধনী ম্যাচে বড় দলের এমন অঘটন নতুন নয়। প্রিমিয়ার লিগের ইতিহাসে উল্লেখযোগ্য কয়েকটি অঘটন হলো—

২০২১-২২: ব্রেন্টফোর্ড ২-০ আর্সেনাল
২০২১ সালে প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া ব্রেন্টফোর্ডের কাছে আর্সেনালের হার ছিল বড় চমক। ব্রেন্টফোর্ডকে মৌসুম শেষে অবনমনের সম্ভাব্য দল হিসেবে দেখা হলেও ম্যাচে তারা আর্সেনালকে পুরোপুরি চাপে রাখে।

২০১৭-১৮: চেলসি ২-৩ বার্নলি
শিরোপা ধরে রাখার মিশনে চেলসির শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ম্যাচের ১৪ মিনিটেই গ্যারি কাহিল লাল কার্ড দেখলে একজন কম নিয়ে খেলতে হয় চেলসিকে। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্নলি। পরে চেলসি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জয় পায়নি।

২০১৩-১৪: আর্সেনাল ১-৩ অ্যাস্টন ভিলা
নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোলে হেরে মৌসুম শুরু করে আর্সেনাল। ক্রিস্টিয়ান বেনটেকে দুই গোল করেন। পরে লরাঁ কোসিয়েলনির লাল কার্ডে আরও বিপাকে পড়ে আর্সেনাল।

২০১২-১৩: কুইন্স পার্ক রেঞ্জার্স ০-৫ সোয়ানসি
বড় অঙ্কের অর্থ খরচ করে দল সাজানো কুইন্স পার্ক রেঞ্জার্সকে তাদের মাঠেই ৫-০ গোলে উড়িয়ে দেয় সোয়ানসি। স্প্যানিশ তারকা মিচু দুই গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন। শেষ পর্যন্ত ওই মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই মৌসুম শেষ করে কিউপিআর।

২০১২-১৩: ওয়েস্ট ব্রম ৩-০ লিভারপুল
ব্রেন্ডন রজার্সের অধীনে লিভারপুলের প্রথম ম্যাচই হয় বড় হতাশার। ওয়েস্ট ব্রমের কাছে ৩-০ গোলে হারে দলটি। ম্যাচে লিভারপুলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ড্যানিয়েল আগার লাল কার্ড দেখেন এবং ওয়েস্ট ব্রম একটি পেনাল্টিও পায়। চেলসি থেকে ধারে আসা রোমেলু লুকাকু করেন ওয়েস্ট ব্রমের একটি গোল।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।