ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।দিনের বেলায় চালানো ওই হামলায় দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেন, হামলার সময় রাস্তাগুলোতে প্রচুর মানুষ ছিল।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে জাপোরিঝঝিয়া ও সুমি শহরের আরও দুটি শপিং মল রুশ বিমান হামলার লক্ষ্যবস্তু হয়।
এদিকে রাশিয়া জানিয়েছে, বুধবার রাতে রুশ উপকূলীয় শহর সোচিতে ইউক্রেনের নৌ ড্রোন হামলায় ২৮ জন আহত হয়েছেন। ইউক্রেনের হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলেও দাবি করেছে রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাড়ে চার বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে।
গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো দূতদের নতুন শান্তি উদ্যোগও খুব বেশি অগ্রগতি আনতে পারেনি। মস্কোতে পুতিন এবং কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানান, আহত ৬৭ জনের মধ্যে আটজন শিশু।
বৃহস্পতিবারের হামলায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, “রুশরা শপিং সেন্টারের কাছে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হত্যা করতে ড্রোন ব্যবহার করেছে।”
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই ড্রোন হামলাকে ‘চাপ প্রয়োগের কৌশল’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর ভাষায়, “রাশিয়া মনে করে বেসামরিকদের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে ইউক্রেনীয়দের ক্লান্ত করে তুলতে এবং ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করা সম্ভব।”
কেন্দ্রীয় শহর দিনিপ্রোর কাছে গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র পাভলোহরাদ এর আগেও রুশ হামলার শিকার হয়েছে। গত মাসে শহরের গুদামে চালানো এক হামলায় দুজন নিহত হন।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সুমির একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন। বৃহস্পতিবার সুমিতে রুশ বিমান হামলায় আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু।
একই অঞ্চলের রাজধানী জাপোরিঝঝিয়ায় সোমবার একটি শপিং মল প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলে এর মালিকরা জানিয়েছেন। তবে হামলার সময় মলটি বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মাসে ক্রিভি রিহ শহরের একটি শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জন আহত হন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।
রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় এলাকাগুলোর শপিং মলও হামলার লক্ষ্য হয়েছে। সোমবার দোনেৎস্ক অঞ্চলের বন্দরনগরী মারিউপোলে একটি শপিং মলে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া যায়। গত মাসে দোনেৎস্ক শহরেও হামলা হয়।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে ইউক্রেনের কয়েকটি নৌ ড্রোন সোচির উপকূলে হামলা চালায়। আহত ২৮ জনের মধ্যে দুজন শিশু।
বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা জানান, বেলগোরদ অঞ্চলের নোভি ওস্কোল শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
এ ছাড়া রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়ায় বুধবার একটি গাড়িতে ইউক্রেনীয় হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত হয়। এতে ছয় বছর বয়সী এক শিশু ও দুই নারী আহত হন। একই অঞ্চলে একটি বেসামরিক লরিতে পৃথক হামলায় একজন পুরুষ নিহত হয়েছেন।