মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৯:২০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৭ এএম

হাতকড়া পরা অবস্থায় পালানোর ৯ ঘণ্টা পর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজনীতি
Sub Editor
হাতকড়া পরা অবস্থায় পালানোর ৯ ঘণ্টা পর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কুলিয়ারচরে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়াকে নয় ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রেনু মিয়া মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হলেও কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ।

একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যান রেনু মিয়া। পরে তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।