দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি আগামী ১৫ দিনের মধ্যে কিছুটা উন্নতির দিকে যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে দ্বিতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে ওই প্রকল্পের চুক্তি বাতিল হয়ে যায়।
অনিন্দ্য ইসলাম অমিতের মতে, সেই সময় প্রস্তাবিত দ্বিতীয় এফএসআরইউ স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে বর্তমানে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ওপর চাপ তুলনামূলক কম থাকত।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিল্প ও বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দ্রুত নতুন একটি এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে শিগগিরই চুক্তি সই হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী, নতুন ভাসমান এলএনজি টার্মিনালটি ২০২৮ সালের পর চালু করা সম্ভব হতে পারে বলে সংসদে জানান প্রতিমন্ত্রী।