মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৭ পিএম

মক্তবে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

রাজনীতি
Sub Editor
মক্তবে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
ময়মনসিংহের নান্দাইলে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ ওঠা জামায়াত নেতা হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সি।-ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মক্তবের ছুটি শেষে ৯ বছরের এক শিশুকে মসজিদের ভেতরে আটকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সির বিরুদ্ধে।

ঘটনার তিন দিন পর বুধবার অভিযুক্তের বাড়িতে স্থানীয় লোকজন জড়ো হলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। অভিযুক্ত হেলাল উদ্দিন শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলি গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে গ্রামের একটি মসজিদে প্রায় ৩০ শিশু প্রতিদিনের মতো আরবি পড়তে যায়। ওই মসজিদে দীর্ঘদিন ধরে মক্তব পরিচালনা করে আসছিলেন বেলাল মুন্সি। পড়া শেষে অন্য শিশুদের চলে যেতে দিলেও অভিযোগ অনুযায়ী, তিনি ওই শিশুটিকে মসজিদের ভেতরে রেখে দেন।

পরিবারের ভাষ্য, অন্যরা চলে যাওয়ার পর মসজিদের দরজা বন্ধ করে শিশুটিকে কাছে ডাকেন অভিযুক্ত। শিশুটির অভিযোগ, এ সময় তাকে ধরে কাছে টেনে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করা হয়। সে বাধা দিলে ও চিৎকার করার চেষ্টা করলে মুখ চেপে ধরার চেষ্টা করা হয় বলেও শিশুটি জানিয়েছে।

একপর্যায়ে শিশুটি অভিযুক্তের হাত থেকে বেরিয়ে দৌড়ে মসজিদ থেকে বাড়িতে চলে যায়। পরে কান্নারত অবস্থায় মায়ের কাছে ঘটনার কথা জানায়। শিশুটির মা বিষয়টি স্থানীয় মাতবরকে জানান।

পরিবারের অভিযোগ, ঘটনা জানার পর অভিযুক্ত নিজের প্রভাব ব্যবহার করে তাদের ভয়ভীতি দেখানো এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ নিয়ে এলাকায় একটি সালিসও হয়। তবে তিন দিন পার হলেও তারা কোনো বিচার পাননি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বুধবার স্থানীয় কয়েকজন বাসিন্দা দলবদ্ধ হয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে খোঁজ করেন। তবে এর আগেই তিনি বাড়ি ছেড়ে চলে যাওয়ায় সেখানে তাকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বেলাল মুন্সি বলেন, সেদিন তিনি শিশুটিকে তার মোবাইলে একটি নম্বর লিখতে বলেছিলেন। শিশুটি তা করতে না পারায় তিনি তাকে একটি চড় দেন। এরপর শিশুটি রাগ করে বাড়িতে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বলে দাবি করেন তিনি।

বাড়ি ছেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, নিজের নিরাপত্তার আশঙ্কায় তিনি চলে গেছেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।