মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০১:২৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:৩৯ এএম

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমাম আটক

সারাদেশ
Sub Editor
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমাম আটক
ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ইমাম মো. রুবেল মিয়া-ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত এক প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক মসজিদের ইমামের বিরুদ্ধে। এ ঘটনায় মো. রুবেল মিয়া (৩০) নামের ওই ইমামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাতৃছায়া বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে।

পুলিশের হেফাজতে নেওয়া রুবেল মিয়া উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় চৈতন্য কালী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলামের দাবি, সন্ধ্যার পর রুবেল মিয়া বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। একপর্যায়ে সেখানে থাকা এক প্রতিবন্ধী বৃদ্ধার সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ওই সময় বৃদ্ধার চিৎকার শুনে আশ্রমের অন্য বাসিন্দা ও কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

পরে তিনি পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কায় তাকে লোহার শিকল দিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়াকে হেফাজতে নেয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রুবেল মিয়া। তাঁর দাবি, বৃদ্ধাশ্রমে থাকা প্রতিবন্ধী নারীসহ অসহায় মানুষদের খোঁজখবর নেওয়া ও সেবার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন। কোনো ধরনের অপরাধমূলক বা অনৈতিক উদ্দেশ্য তাঁর ছিল না বলেও দাবি করেন তিনি।

তবে বৃদ্ধাশ্রমে নিয়মিত কর্মকর্তা-কর্মচারী থাকার পরও তিনি সেখানে কেন গিয়েছিলেন এবং কার মাধ্যমে সেখানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন—এ বিষয়ে তাঁর বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিষ্ঠানটির অনুমতি নিয়ে তিনি সেখানে প্রবেশ করেছিলেন কি না, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আশ্রমে থাকা অসহায় ও প্রতিবন্ধী বৃদ্ধদের নিরাপত্তা এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।