মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:২৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ অক্টোবর, ২০২৬, ০৮:৫৭ এএম

হুথিদের হামলার দাবির মধ্যে সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক
Sub Editor
হুথিদের হামলার দাবির মধ্যে সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩
রিয়াদের দক্ষিণে সৌদি তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় আগুন জ্বলছে, ৩ অক্টোবর ২০২৬। ছবি: এনডিটিভি

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইয়েমেনের হুথিরা দুই বিমানবন্দরেই হামলা চালানোর দাবি করে।

হামলার লক্ষ্য ছিল রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার দুই বিমানবন্দরের স্থাপনায় হামলা চালানো হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আবহা বিমানবন্দরে এক মিসরীয় ও এক আলজেরীয় নাগরিক নিহত হয়েছেন। রিয়াদের বিমানবন্দরে নিহত হয়েছেন এক সুদানি নাগরিক।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, হামলায় বিমান চলাচল ব্যাহত হয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।

হুথিদের পক্ষ থেকে আরও দাবি করা হয়, আবহা বিমানবন্দর ও খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

এর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের দাবি, রিয়াদে হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। পরে হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৮২টি হামলা চালানোর কথাও জানায় তারা।

এদিকে ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনের বিমানবন্দরের কাছেও হামলার খবর পাওয়া গেছে। হুথিরা সেখানে সরকারি বাহিনীর সামরিক সরবরাহ বহরকে লক্ষ্য করার দাবি করেছে। একটি ক্ষেপণাস্ত্র রানওয়ের কাছে গিয়ে পড়ায় কায়রো থেকে আসা একটি ফ্লাইটকে সৌদি আরবের জেদ্দায় ঘুরিয়ে নেওয়া হয়।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে নতুন করে লড়াই তীব্র হয়েছে। ২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট অভিযান চালিয়ে আসছে। সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে ব্যাপক হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতের কারণে ইয়েমেনের অভ্যন্তরে দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তায়েজ শহরেও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ বেসামরিক ব্যক্তি আহত হওয়ার খবর জানিয়েছে ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।