মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৬:০৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:৪৭ পিএম

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন স্বামীর

সারাদেশ
Sub Editor
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন স্বামীর
নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রী সুফিয়া আক্তার নিশিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার স্বামী আব্দুল মান্নান ওরফে মনির। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রী সুফিয়া আক্তার নিশি (২৪) কে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান তাঁর স্বামী আব্দুল মান্নান ওরফে মনির (২৮)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মনির রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরকীয়া সন্দেহ ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিশি ঘুমিয়ে পড়লে মনির তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন এবং পরে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

হত্যাকাণ্ডের পর মনির নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে স্ত্রীকে হত্যার কথা জানান। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।