প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এএম || প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩১ এএম
থার্টি ফাস্ট নাইট উদযাপনে প্রস্তুত কক্সবাজার, নিরাপত্তা জোরদার
ইংরেজি বছরের শেষ দিন মানে থার্টি ফাস্ট। আসবে নতুন বছর। বছরের শেষ দিনটিতে হৈ চৈ আর আনন্দ উল্লাসে মেতে ওঠে তরুণ-তরুণীরা। বাদ যান না শিশু আর প্রবীণরাও। ৩১ ডিসেম্বরকে ঘিরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার যেন পর্যটকের মেলায় পরিণত হয়।
নতুন বছর বরণকে কেন্দ্র করে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। স্বাস্থ্যবিধি মানা ও পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
কক্সবাজার সমুদ্র সৈকতের লোনা জলে গা ভাসিয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানানো ও নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানাতে লাখো পর্যটকের সমাগম ঘটতে পারে এমন আশা কক্সবাজার টুরিস্ট পুলিশের।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজারে সাড়ে ৪০০ এর বেশি আবাসিক হোটেলে প্রায় দেড় লাখ লোক রাত্রিযাপন করতে পারেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি হোটেলে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সাদা পোশাকধারী পুলিশ সব সময় মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, কক্সবাজারে ৩৫টি পর্যটন জোন রয়েছে। প্রত্যেক পর্যটন জোনে ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যবিধি মানা ও পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
তিনি আরও বলেন, তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আমরা করেছি যার মধ্যে চেকিং ব্যবস্থা ও পেট্রোলিং এর ব্যবস্থা বাড়ানো হয়েছে, গোয়েন্দা পুলিশ বাড়ানো হয়েছে এছাড়াও নারী স্কোয়াড দেওয়া হয়েছে।
কৃত্রিম রুম বুকিং এর সংকট নিরসনে তিনি বলেন হোটেল মালিকদের সাথে আমরা বৈঠক করেছি তাদের আমরা সতর্কবার্তা দিয়ে দিয়েছি এবং তারাও আমাদের কথা দিয়েছে কোনো পর্যটকদের বিরম্বনার শিকার করবে না।
এছাড়াও তৃতীয় লিঙ্গ এবং দালালদের হয়রানি থেকে রক্ষায় পুলিশের বিশেষ টিম কাজ করবে বলে জানান তিনি।
দুষ্কৃতকারীদের কোনো দুষ্কৃত করার কোনো সুযোগ নেই বলে তিনি জানান আমাদের চারদিকে সিসি ক্যামেরা আছে এবং আমাদের গোয়েন্দাও আছে। ইতিমধ্যে আমরা তাদের চিহ্নিত করেছি এবং অনেককেই গ্রেফতার করেছি।
সকল ভ্রমণপিয়দের উদ্দেশ্যে তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমরা শতভাগ প্রস্তুত তাই বলব আপনারা বেশি বেশি কক্সবাজার আসুন এবং আনন্দ উপভোগ করুন।