রাজধানীর বনানী থানাধীন কড়াইল বউবাজার এলাকায় বিক্রম ওরফে বাবু (২০) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিক্রম শেরপুর সদর উপজেলার গোলপাড়ার কোহাকান্দা গ্রামের মৃত সেলিমের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী এবং স্থানীয়দের তথ্যানুযায়ী, বিক্রম অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে প্রায়ই তার বিরোধ হতো। রোববার রাত ২টার দিকে তাদের মধ্যে ঝগড়া হলে বিক্রম মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেন। এরপর রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময়ে নিজ কক্ষের ভেতর উড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন বলে ধারণা করছে পুলিশ।
নিহতের ভাই সজীব জানান, জুয়া খেলা কেন্দ্রিক বিরোধের জেরে বিক্রমের সঙ্গে মায়ের প্রায়ই ঝগড়া হতো এবং মা বিষয়টি নিয়ে কান্নাকাটি করতেন। রোববার রাতে বিক্রম তার মাকে বাসা থেকে বের করে দিলে তিনি নিরুপায় হয়ে সজীবের বাসায় আশ্রয় নেন। পরদিন সকালে বিক্রমের মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করে।