মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০২:১৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ১০:০৬ এএম

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থ-বাণিজ্য
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথা স্মরণ করে প্রতিষ্ঠানের আস্থার প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে বিনিয়োগ সম্প্রসারণের জন্য ইউনিক্লো কর্তৃপক্ষকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো সম্ভাবনাময় খাতগুলোতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনবল উন্নয়ন, পণ্যের নতুন উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া জোরদার করার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম বাড়ানোর ক্ষেত্রে সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের অনুমোদন প্রক্রিয়া সহজ করা, জমির সংস্থান নিশ্চিত করা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে সরকার সব সময় পাশে থাকবে। এছাড়া দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বেগবান করতে 'বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি' দ্রুত বাস্তবায়নের ওপর উভয় পক্ষই গুরুত্বারোপ করে।

এসময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। অন্যদিকে, জাপানি প্রতিনিধি দলের পক্ষ থেকে ফাস্ট রিটেইলিং কোম্পানির পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই আলোচনায় অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।