লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে (৫০) গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে খাঁনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন তাকে ডেকে নিয়ে এই হামলা চালায়। নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। পুলিশের তথ্যমতে, নিহত ব্যবসায়ীর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে তারা জানতে পারেন, ওয়ালিদ নামে প্রতিপক্ষের এক ব্যক্তি তাকে গুলি করেছেন। অভিযোগ রয়েছে, মাটির ব্যবসার আধিপত্য নিয়ে ওয়ালিদ দীর্ঘদিন ধরে খোরশেদকে হুমকি দিয়ে আসছিলেন। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে এর আগেও বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।
গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা জহুরুল ইসলাম রনি জানান, নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এদিকে, সদর মডেল থানার ওসি ওয়াহিদ ফারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খোরশেদের আকস্মিক মৃত্যুতে হাসপাতাল প্রাঙ্গণে তার স্বজন ও পরিবারের সদস্যদের কান্নার রোল পড়ে যায়। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।