নওগাঁ সদরে বিশেষ টাস্কফোর্সের অভিযান চালিয়ে ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। চক রাজবল্লভ এলাকায় বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ অভিযান চালিয়ে মো. মোস্তাফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানকালে মো. মোস্তাফা আলীকে কষ্টিপাথরের তৈরি ২৪৫ কেজি ওজনের একটি শিবলিঙ্গসহ আটক করা হয়।
১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা এবং পুলিশের উপস্থিতিতে যৌথ টাস্কফোর্স সেখানে অভিযান চালিয়ে কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধারসহ মোস্তাফাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
উদ্ধার করা কষ্টিপাথরের শিবলিঙ্গ এবং আটক ব্যক্তি মোস্তাফা আলীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ উদ্দেশ্যে তাদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে বলে নিশ্চিত করেছে বিজিবি।