সৌদি আরবের মদিনা শহরের আল-উলা এলাকায় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামের এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। রোববার (২৫ অক্টোবর) মাগরিবের আগমুহূর্তে খেজুর বাগানে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বকর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য হাতিয়ার কুল এলাকার ফরিদুল আলমের ছেলে। তার চাচা মো. বেলাল উদ্দিন জানান, চার বছর ছয় মাস আগে জীবিকার সন্ধানে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। মদিনায় খেজুর বাগানে কর্মরত থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুই ভাই ও দুই বোনের মধ্যে আবু বকর ছিলেন তৃতীয়। আবু বকরের চাচা মো. বেলাল উদ্দিন জানান, সাড়ে ৪ বছর আগে সৌদি আরব গিয়েছিল আবু বকর।