চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থসহ দুই চালককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। জব্দকৃত রাসায়নিকের পরিমাণ ৪৮ হাজার ৯৯৫ কেজি এবং এর আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। জানতে চাইলে ওসি মোহাম্মদ আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার থেকে ৫০ লাখ টাকার রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ঢাকামুখী দুটি তেলবাহী ট্যাঙ্কার (যশোর-ঢ-৪১-০০৭৫ ও যশোর-ঢ-৪১-০০৭৯) থামিয়ে তল্লাশি চালালে ভেতরে থাকা এসব রাসায়নিকের সন্ধান পাওয়া যায়। এ সময় চেকপোস্টের দিকে আসা দুটি তেলবাহী ট্যাঙ্কার (যশোর-ঢ-৪১-০০৭৫ ও যশোর-ঢ-৪১-০০৭৯) আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর সদর থানার রামনগর এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. রায়হান (৫২) এবং অভয়নগর থানার পাথালিয়া এলাকার আজহার আলীর ছেলে তাকিবুর রহমান (২৫)। তারা উভয়ই ওই ট্যাঙ্কার দুটির চালক হিসেবে কাজ করছিলেন। পুলিশের তথ্যমতে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।