প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম || প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৪, ০৭:৫০ এএম
রাজধানীতে ভোটের দিন ৯ কেন্দ্রে যাবেন বিদেশি পর্যবেক্ষকরা
আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকরাও রাজধানীর বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করবেন। রোববার (৭ জানুয়ারি) ভোট চলাকালে রাজধানীর ৯টি কেন্দ্র পরিদর্শন করবেন বিদেশি পর্যবেক্ষকরা।
যেসব কেন্দ্রে যাবেন বিদেশি পর্যবেক্ষকরা
রাজধানীতে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টায় ও বেলা ১১টায়, মহাখালীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সকাল ১০টায়, মিরপুরের দারুস সালামে অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় ও বেলা ১১টায়, নিউমার্কেটে ঢাকা কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ১০টায়, ফার্মগেটে তেজগাঁও কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১১টায়, হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুপুর ১২টায় এবং উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে দুপুর ১২টায় পরিদর্শনে যাবেন বিদেশি পর্যবেক্ষকরা।
ইসি দেয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী রয়েছেন।
২৯৯ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯। এছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। এছাড়া প্রায় দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন। এদের মধ্যে থাকছেন বিদেশি গণমাধ্যম কর্মীও।