মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৩:০৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম

শাহজালালে ৫ কোটি টাকার সোনার ডিম জব্দ, আটক ১

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
শাহজালালে ৫ কোটি টাকার সোনার ডিম জব্দ, আটক ১

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দুটি পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৬টি সোনার ‘ডিম’ জব্দ করা হয়েছে। উদ্ধৃত সোনাগুলোর সর্বমোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারদর প্রায় ৪ কোটি ৯১ লাখ টাকা। গোপন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ও বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দারা জানান, প্রথম অভিযানটি চালানো হয় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশের বিজি-১২৭ ফ্লাইটে, যার ছেড়ে যাওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। ফ্লাইটটিতে সোনা পাচারের তথ্য পেয়ে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন যাত্রীকে নামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ওই যাত্রীর কাছ থেকে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের ৩টি সোনার ডিম জব্দ করা হয়, যা বিদেশে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

একই সময়ে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করেন কাস্টমস গোয়েন্দারা। সেখানে পরিত্যক্ত অবস্থায় আরও ৩টি সোনার ডিম উদ্ধার করা হয়, যেগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম। কাস্টমস কর্মকর্তারা জানান, দুটি ভিন্ন স্থান থেকে মোট ৬টি সোনার ডিম উদ্ধার করে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বীকার করেছেন যে সোনাগুলো পূর্বে আবুধাবি থেকেই বাংলাদেশে আনা হয়েছিল। তবে স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, এই সোনা চোরাচালানের আসল উৎস ও এর পেছনে থাকা আন্তর্জাতিক চক্রকে শনাক্ত করতে অনুসন্ধান চলছে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে যেন কোনো চোরাচালান না হতে পারে, সেজন্য কাস্টমস গোয়েন্দাদের সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।