মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৫:২৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:০০ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ছক, সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ছক, সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

ডিসেম্বর মাসকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে অচল করার ছক কষছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। মহাসড়কের কুমিল্লা অংশের অন্তত ১৪টি কৌশলগত ও নির্জন পয়েন্টে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা চালানোর পাঁয়তারা করছে দলটির নেতাকর্মীরা। এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় মাঠে নেমেছে।

নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো প্রযুক্তির সহায়তায় জেলাজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মহাসড়কে নাশকতার পরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ আভাস পাওয়া গেছে। পলাতক আওয়ামী লীগ নেতাদের অর্থায়ন ও ইন্ধনে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মহাসড়কের ১০৩ কিলোমিটার অংশ দেশের বাণিজ্যিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। দেশে যেকোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির ক্ষেত্রে এই মহাসড়ককে অচল করে দেওয়া রাজনৈতিক দলগুলোর অন্যতম কৌশল। বিশেষ করে রাতের আঁধারে মহাসড়কের নির্জন পয়েন্টগুলোতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর আশঙ্কা করছেন গোয়েন্দারা।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৪টি পয়েন্ট হলো—দাউদকান্দির শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, তীরচর ও গোমতা; চান্দিনার মাধাইয়া ও কাঠেরপুল; বুড়িচংয়ের নিমসার ও কাবিলা; আদর্শ সদর উপজেলার সৈয়দপুর, আলেখারচর ও কোটবাড়ী; সদর দক্ষিণের পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রামের আলকরা এলাকা।

এ বিষয়ে কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ জানিয়েছেন, ডিসেম্বরে নাশকতার ছক নস্যাৎ করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন নজরদারির মাধ্যমে নাশকতাকারীদের অবস্থান চিহ্নিত করা হচ্ছে। অভিযানে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ জানান, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। ১০৩ কিলোমিটার এলাকাজুড়ে দিন-রাত বিশেষ টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। কোনো অশুভ শক্তিকে যানবাহন ভাঙচুর বা অগ্নিসংযোগের সুযোগ দেওয়া হবে না এবং জনগণের জানমালের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।