প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম || প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৪, ১১:০০ এএম
চট্টগ্রাম-১৬: আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা বাহিনীকে ভয়ভীতি প্রদর্শনের জন্য তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।
আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পর্যায়ে এসে তার প্রার্থিতা বাতিল করা হয়।
ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন।
আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
গত বছরের মে মাসে পিস্তল হাতে নিয়ে মিছিল করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মিছিলে তাকে পিস্তল হাতে দেখা যায়। সে সময় পিস্তল হাতে মিছিল করার জন্য তিনি সমালোচিত হন।