মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ জানুয়ারি, ২০২৬, ০১:৪০ এএম

টিভি শো’র মতো অভিযান সরাসরি দেখেছেন ট্রাম্প, জানালেন কোথায় আছেন ম

আন্তর্জাতিক
Sub Editor
টিভি শো’র মতো অভিযান সরাসরি দেখেছেন ট্রাম্প, জানালেন কোথায় আছেন ম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইও জিমাতে আছেন এবং জাহাজটি নিউইয়র্কের দিকে এগোচ্ছে। শনিবার (০৩ জানুয়ারি) সকালে ফোনে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘তারা একটি জাহাজে রয়েছে এবং নিউইয়র্কের দিকে রওনা হয়েছে। হেলিকপ্টার তাদের বের করে এনেছে। হেলিকপ্টারে সুন্দর একটি ফ্লাইট ছিল। আমি নিশ্চিত, তারা এটি পছন্দ করেছে। কিন্তু মনে রাখবেন, তারা হত্যা করেছে অনেক মানুষকে।’
মাদুরোর জন্য কী ধরনের ‘অফ-র‍্যাম্প’ বা সমঝোতার সুযোগ দেয়া হয়েছিল—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘মূলত আমি বলেছিলাম, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। তোমাকে হার মানতে হবে।’ এক সপ্তাহ আগে তিনি নিজেই মাদুরোর সঙ্গে কথা বলেছেন বলে জানান ট্রাম্প।

এছাড়া তিনি দাবি করেন, মাদুরোকে আটক করার পুরো অভিযান তিনি সরাসরি দেখেছেন, ঠিক যেন একটি টেলিভিশন অনুষ্ঠান। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার-আ-লাগোতে একটি কক্ষে সামরিক জেনারেলদের সঙ্গে বসে তিনি বাস্তব সময়েই পুরো অভিযানটি পর্যবেক্ষণ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাকে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, পৃথিবীতে আর কোনো দেশ নেই যারা এমন কৌশলগত অভিযান চালাতে পারে। আপনি যদি দেখতেন কী ঘটেছিল—আমি আক্ষরিক অর্থেই টিভি শো’র মতো অভিযানটি দেখেছি।’

অভিযানের গতি ও তীব্রতা তুলে ধরে তিনি বলেন, ‘সব মিলিয়ে এটি ছিল অসাধারণ। যারা এটি করেছে, তারা অবিশ্বাস্য কাজ করেছে। আর কেউ এমন কিছু করতে পারত না।’ তিনি আরও যোগ করেন, বড়দিন ও নববর্ষের ছুটি কাটাতে ফ্লোরিডার পাম বিচে নিজের ব্যক্তিগত ক্লাব মার-আ-লাগোতে অবস্থানকালে তিনি এই অভিযান প্রত্যক্ষ করেন।

অভিযানের প্রতিটি ধাপ কাছ থেকে দেখেছেন এবং সেটি ছিল অত্যন্ত জটিল, জানান ট্রাম্প। বলেন, ‘আমরা একটি কক্ষ থেকে দেখছিলাম। আমাদের চারপাশে অনেক মানুষ ছিল, জেনারেলরাও ছিলেন। তারা সবকিছু জানতেন—কি হচ্ছে, কোথায় হচ্ছে। এটি ছিল ভীষণ ও অত্যন্ত জটিল একটি অভিযান।’

তিনি আরও বলেন, ‘মার্কিন বাহিনী এমন সব জায়গায় প্রবেশ করেছে যেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব ছিল। তারা সত্যিই এমন জায়গায় ঢুকেছে, যেগুলো ভাঙা সম্ভব নয় বলেই তৈরি করা হয়েছিল। স্টিলের দরজা ভেঙে তারা কয়েক সেকেন্ডের মধ্যেই লক্ষ্যবস্তু বের করে এনেছে। আমি জীবনে এমন কিছু দেখিনি।’

অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি ব্যবহারের কথাও জানান তিনি। বলেন, ‘আমাদের কাছে বিপুল সংখ্যক যুদ্ধবিমান প্রস্তুত ছিল—হেলিকপ্টার থেকে শুরু করে ফাইটার জেট পর্যন্ত।’

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।