মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৪২ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ জানুয়ারি, ২০২৬, ০৩:৫৩ পিএম

প্রকাশ রাজের হুঁশিয়ারি: ভারতের মুসলিমদের ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ

আন্তর্জাতিক
Sub Editor
প্রকাশ রাজের হুঁশিয়ারি: ভারতের মুসলিমদের ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ

ভারতে ধর্মীয় সংখ্যালঘু—বিশেষত মুসলিম ও আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন প্রখ্যাত অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। তার বক্তব্য অনুযায়ী, বর্তমান রাজনৈতিক পরিবেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত দমননীতি গড়ে উঠছে, যা তিনি ‘গণহত্যার প্রস্তুতি’ বলেও আখ্যা দেন।

হায়দরাবাদে ‘অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস’ (এপিসিআর) আয়োজিত ‘লংগিং ফর জাস্টিস’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। সম্প্রতি সেই বক্তব্যের বিভিন্ন অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনা শুরু হয়।

তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, হিন্দি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রে কাজ করা এই অভিনেতা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বিপজ্জনক ইঙ্গিত বহন করছে। তার ভাষায়, ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির আড়ালে আদর্শিক সংগঠন আরএসএস মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে, যার প্রভাব সমাজে বিভাজন বাড়াচ্ছে।

বিচারব্যবস্থার ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন প্রকাশ রাজ। তিনি অভিযোগ করেন, সংবিধানের মূল আদর্শ রক্ষায় আদালতগুলো প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। সংবিধান দিবসে প্রধানমন্ত্রীর পাঠানো বার্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কথার সঙ্গে কাজের অসঙ্গতি প্রশ্নবিদ্ধ করছে রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা।

মুক্তমনাদের হত্যাকাণ্ড এবং অভিযুক্তদের প্রতি সহনশীল আচরণের উদাহরণ তুলে ধরে তিনি নৈতিক অবক্ষয়ের কথা বলেন। বক্তব্যের শেষাংশে তিনি সতর্ক করে দেন—আজ এক গোষ্ঠীর অধিকার ক্ষুণ্ন হলে, ভবিষ্যতে তা সবার জন্যই হুমকি হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, বক্তব্যটি আগে দেওয়া হলেও সম্প্রতি ক্লিপ আকারে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমালোচকরা একে উসকানিমূলক বললেও, সমর্থকদের মতে এটি বাকস্বাধীনতার ন্যায্য প্রকাশ।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।