মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৪২ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ জানুয়ারি, ২০২৬, ০৭:১৫ পিএম

ট্রাম্পের পতন অনিবার্য, অতীত স্বৈরশাসকদের উদাহরণ খামেনির

আন্তর্জাতিক
Sub Editor
ট্রাম্পের পতন অনিবার্য, অতীত স্বৈরশাসকদের উদাহরণ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইতিহাসে ক্ষমতার অহংকারে ডুবে থাকা শাসকদের যেভাবে পতন ঘটেছে, ট্রাম্পও তার ব্যতিক্রম হবেন না।

শুক্রবার তেহরানে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, ফেরাউন ও নমরুদের মতো প্রাচীন শাসক থেকে শুরু করে ইরানের সাবেক রাজা রেজা শাহ ও মোহাম্মদ রেজা পাহলভি—সবাই ক্ষমতার শীর্ষে থেকেও ধ্বংসের মুখে পড়েছেন। তার মতে, ট্রাম্পের ভবিষ্যৎও একই পরিণতির দিকে এগোচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে তিনি মূলত দেশের চলমান অস্থিরতা ও এতে বিদেশি শক্তির ভূমিকা নিয়ে কথা বলেন।

দেশজুড়ে চলমান বিক্ষোভ প্রসঙ্গে খামেনি আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, যারা সহিংসতা ও নাশকতায় জড়িত, তারা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতেই এসব করছে। তার ভাষায়, ট্রাম্প যদি সত্যিই রাষ্ট্র পরিচালনার দক্ষতা রাখতেন, তাহলে আগে নিজের দেশের অভ্যন্তরীণ সংকটগুলোর সমাধান করতেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠা ইসলামি প্রজাতন্ত্র কোনো চাপ বা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না। অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের তিনি বিদেশি শক্তির সহযোগী হিসেবে আখ্যা দেন এবং স্পষ্ট করেন যে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান একচুলও পিছু হটবে না।

একই সঙ্গে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন ও তাদের মিত্ররা সুপরিকল্পিতভাবে ইরানকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান খামেনি।

 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।