মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:২৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ জানুয়ারি, ২০২৬, ০৭:২১ পিএম

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ, ১০ বছরের প্রভাব মাথায় রাখুন: তামিম

খেলা
Sub Editor
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ, ১০ বছরের প্রভাব মাথায় রাখুন: তামিম

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতিকে ‘সংকটজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি মনে করেন, এ সময় আবেগনির্ভর কোনো সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও খেলোয়াড়দের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া জরুরি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, হঠাৎ মন্তব্য বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে নেওয়া সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তার বিশ্বাস, পারস্পরিক আলোচনা ও সংলাপের মাধ্যমেই যেকোনো কঠিন সমস্যার সমাধান সম্ভব।

তিনি জানান, অনেক জটিল ইস্যু আলোচনার টেবিলে বসলে সহজেই সমাধানের পথ বেরিয়ে আসে। সঠিক সময়ে সঠিক সংলাপ বড় সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভবিষ্যৎমুখী চিন্তার আহ্বান জানিয়ে তামিম বলেন, আজ যে সিদ্ধান্ত নেওয়া হবে, তার প্রভাব আগামী দশ বছর ধরে দেশের ক্রিকেটে পড়বে। তাই কেবল বর্তমান পরিস্থিতির কথা না ভেবে, বাংলাদেশ ক্রিকেট কোন পথে এগোবে—সেটি মাথায় রেখেই নীতি নির্ধারণ করা উচিত।

বোর্ডের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হলেও বিসিবির নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা প্রয়োজন। বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য কল্যাণকর, তাহলে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের থাকা উচিত।

জনমতের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়ার পরামর্শ দিয়ে তামিম বলেন, মাঠে খেলাধুলা নিয়ে দর্শকদের আবেগ থেকেই নানা ধরনের মন্তব্য আসে। জনমত সব সময় একই রকম থাকে না, আর শুধুমাত্র সেটির ভিত্তিতে বড় কোনো ক্রীড়া প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়।

নিজের অবস্থান স্পষ্ট করে সাবেক এই অধিনায়ক জানান, তিনি বর্তমানে বোর্ডের কোনো দায়িত্বে নেই, তাই নির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করতে চান না। তবে বোর্ডে থাকলে দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিতেন বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।