মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন, মেক্সিকোর কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে অভিযান শুরু করবেন। তবে এই হামলার সময়, স্থান বা বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি।
তিনি বলেন, পানিপথে আসা মাদকের ৯৭ শতাংশ আমেরিকা বন্ধ করতে সক্ষম হয়েছে। এখন মূল লক্ষ্য স্থলভাগে কার্টেলগুলোকে ক্ষতিগ্রস্ত করা। ট্রাম্প দাবি করেছেন, এই কার্টেলগুলো মেক্সিকোতে কার্যক্রম চালাচ্ছে।
দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর থেকেই ট্রাম্প মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। গত বছর সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে হামলা চালিয়েছে, যেখানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। তবে এসব হামলার সপক্ষে কোনো নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি।
ট্রাম্পের এ ঘোষণার পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তাদের ভূখণ্ডে একপক্ষীয় হামলার কোনো অনুমতি নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মেক্সিকো নিজস্বভাবে দেশ পরিচালনার অধিকার রাখে।
এর আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আন্তর্জাতিক মাদক ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সম্মত হয়, কিন্তু ট্রাম্প এককভাবে মেক্সিকান ভূখণ্ডে হুমকি প্রকাশ করেছেন।
সুত্র ঃ ফক্স নিউজ