মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:২৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৬, ০৮:১৬ পিএম

গাজা স্থিতিশীলতায় ভূমিকা রাখতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াশিংটন বৈঠক

জাতীয়
Sub Editor
গাজা স্থিতিশীলতায় ভূমিকা রাখতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াশিংটন বৈঠক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (আইএসএফ) অংশ হতে নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, গাজা পরিস্থিতি মোকাবিলায় এ গুরুত্বপূর্ণ উদ্যোগে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন।

শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত বছরের নভেম্বরে গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে। ওই পরিকল্পনার অন্যতম একটি ধারা ছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তির নিরাপত্তা নিশ্চিত ও বাস্তবায়ন তদারকির জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন।

এদিকে যুক্তরাষ্ট্রের সহকারী সেক্রেটারি অব স্টেট পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে খলিলুর রহমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আয়োজিত বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তারা, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাইকেল রিগাস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।