মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৬, ০৭:৫৫ পিএম

সংযুক্ত আরব আমিরাত ক্ষমা করল ২৫ প্রবাসী বাংলাদেশিকে

জাতীয়
Sub Editor
সংযুক্ত আরব আমিরাত ক্ষমা করল ২৫ প্রবাসী বাংলাদেশিকে

 

জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়ায় আটক আরও ২৫ জন বাংলাদেশি প্রবাসীকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমা পাওয়ার পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া ঘটনাবলীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এসব প্রবাসীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছিল। পরে বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সময় বাংলাদেশে চলমান অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে দেশটির আদালত।

এই ক্ষমার সিদ্ধান্তকে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের মানবিকতা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এর আগে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।