মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১১:১৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:০১ এএম

সব দল না থাকলে নির্বাচন অর্থহীন—ব্রিটিশ এমপিরা

জাতীয়
Sub Editor
সব দল না থাকলে নির্বাচন অর্থহীন—ব্রিটিশ এমপিরা

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়—এমন আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের চারজন সংসদ সদস্য। তাদের মতে, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক বলা যায় না।

হাউস অব কমন্সের ওই চার এমপি হলেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল ও ক্রিস ল। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে।

বিবৃতিতে বলা হয়, নৈতিক দায়িত্ববোধসম্পন্ন সবাই প্রত্যাশা করেন এই নির্বাচন একটি ন্যায়ভিত্তিক, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে। তবে তা সম্ভব হবে কেবল তখনই, যখন নির্বাচন হবে সর্বদলীয় অংশগ্রহণে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ।

জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতার পরিবর্তনের পর গত বছরের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিতের বিষয়টি তুলে ধরে এমপিরা উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ব্যাপক জনসমর্থন রয়েছে—এমন রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে জাতিসংঘ, যুক্তরাজ্যসহ বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলোর পরামর্শ উপেক্ষা করা হয়েছে।

চার এমপির ভাষ্য, মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশের লাখো ভোটার কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং নির্বাচন প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নেবেন। তাদের মতে, সব প্রধান রাজনৈতিক দলকে বাইরে রেখে আয়োজিত কোনো ভোট গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতিও সমালোচনা করে বলা হয়, অনির্বাচিত সরকার হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের এমন বিধিনিষেধ আরোপ করা সমীচীন হয়নি।

বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘদিন ধরে ‘তীব্রভাবে বিভক্ত’ উল্লেখ করে তারা বলেন, এর দায় সব রাজনৈতিক দলের ওপরই বর্তায়। তবে ভবিষ্যৎ সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে, যাতে জাতীয় ঐক্য গড়ে ওঠে এবং স্থবির অর্থনীতি আবার গতি পায়।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক বহুত্ববাদের চর্চা নিশ্চিত করা জরুরি, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা রাখতে পারবে।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ অংশীদারত্বের কথা উল্লেখ করে এমপিরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার, বিচার ব্যবস্থার দুর্বলতা এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগেও উদ্বেগ জানান। একই সঙ্গে তারা ব্রিটিশ সরকার ও জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান, যাতে ড. ইউনূস গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করেন এবং বাংলাদেশের সব নাগরিকের অধিকার নিশ্চিতের পাশাপাশি একটি মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।