মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:৫৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৬, ০৫:৫২ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়: দেশের শান্তি ও নাগরিক সুরক্ষার অগ্রদূত

জাতীয়
Sub Editor
স্বরাষ্ট্র মন্ত্রণালয়: দেশের শান্তি ও নাগরিক সুরক্ষার অগ্রদূত

একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মেরুদণ্ড হলো তার অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তা। বাংলাদেশে সেই ভূমিকা পালন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জননিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও অভিবাসন ব্যবস্থাপনার মতো দায়িত্বের মাধ্যমে মন্ত্রণালয় দেশের স্থিতিশীলতার মূল স্তম্ভ হিসেবে কাজ করছে। বর্তমানে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও সিনিয়র সচিব নাসিমুল গনি মন্ত্রণালয়কে নতুন গতিশীলতা দিয়েছেন। তাদের নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভাগগুলো দেশের স্বার্থে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

মন্ত্রণালয় মূলত দুই বিভাগে কাজ পরিচালনা করে—জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ। জননিরাপত্তা বিভাগ দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন নিশ্চিত করে। অন্যদিকে সুরক্ষা সেবা বিভাগ পাসপোর্ট, ইমিগ্রেশন, মাদক নিয়ন্ত্রণ, ফায়ার সার্ভিস ও কারাগার ব্যবস্থাপনা পরিচালনা করে।

বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বিজিবি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করছে। রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচন, পূজা-পার্বণ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় এই বাহিনীগুলো ২৪ ঘণ্টা কাজ করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষা করছে। স্থল ও জল সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি আধুনিক ও সতর্ক।

সাইবার অপরাধ দমনে ডিবি ও সিআইডির সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাসপোর্ট এবং ইমিগ্রেশন নজরদারি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রামভিত্তিক নিরাপত্তা ও নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তায় অবদান রাখছে।

ব্লু ইকোনমির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্রসীমা রক্ষা, দস্যুতা দমন ও চোরাচালান প্রতিরোধে কার্যক্রম চালাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজেও তারা জনগণের আস্থা জাগাচ্ছে।

স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব ও অন্যান্য কর্মকর্তারা প্রশাসনিক ও নীতি নির্ধারণী কাজে নিয়োজিত, যাতে পুলিশ, বিজিবি, ইমিগ্রেশন, আনসার ও কোস্ট গার্ডের মধ্যে সমন্বয় থাকে। প্রতিদিন ইন্টেলিজেন্স বিশ্লেষণ করে সরকারকে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়।

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী পেশাদার ও রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করছে। জুলাই গণ-অভ্যুত্থান পর পুলিশ পুনর্গঠন এবং জননিরাপত্তা পুনরুদ্ধারে মন্ত্রণালয় ঐতিহাসিক ভূমিকা রেখেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু একটি সরকারি দপ্তর নয়, এটি রাষ্ট্রীয় অস্তিত্বের প্রতীক। নাগরিক যখন নিশ্চিন্তে ঘুমান, তাদের নিরাপত্তার পেছনে কাজ করছে কয়েক লাখ নিবেদিতপ্রাণ মানুষ। আধুনিক প্রযুক্তি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে সঙ্গী করে মন্ত্রণালয় একটি নিরাপদ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।