মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৫৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ এএম

ভারতে বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা: বিসিবি অনড়, আইসিসি চাপে

খেলা
Sub Editor
ভারতে বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা: বিসিবি অনড়, আইসিসি চাপে

বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট অস্থির প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কের তিক্ততা ক্রিকেটকে টেনে এনেছে বিতর্কের কেন্দ্রে। এর সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায়।

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একাধিকবার অনুরোধ জানালেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বোর্ড। মঙ্গলবার আইসিসির সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সেও কোনো সমাধান মেলেনি।

বিসিবির পক্ষ থেকে আবারও প্রস্তাব দেওয়া হয়েছে—বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই তাদের প্রধান বিবেচ্য। তবে আইসিসির যুক্তি, সূচি ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় এমন পরিবর্তন কঠিন।

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২৬ দিন বাকি। এত অল্প সময়ে সংকট সমাধান হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও দুই পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সম্মানজনক সমাধানের পথ খোলা রাখা জরুরি। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের মতে, পারস্পরিক আস্থার জায়গায় পৌঁছানো গেলে খেলার বিষয়ে পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে। একই সুর শোনা গেছে আরেক সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের কণ্ঠেও—তিনি মনে করেন, কূটনীতিতে সমঝোতাই শেষ কথা।

এই সংকটের সূত্রপাত হয় আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে হঠাৎ বাদ দেওয়ার ঘটনায়। কোনো ব্যাখ্যা ছাড়াই কলকাতা নাইট রাইডার্স তাকে স্কোয়াড থেকে ছেঁটে ফেললে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরপরই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত আসে। সর্বশেষ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা কমিটি যে শর্ত দিয়েছে, তা বিসিবির পক্ষে মানা সম্ভব নয়।

সব মিলিয়ে আশা ও আশঙ্কার দোলাচলে ঝুলে আছে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ। আলোচনা চললেও সমাধানের পথ এখনো স্পষ্ট নয়।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।