মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১১:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৩৮ এএম

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশ, উন্নতি হলেও তলানিতে

জাতীয়
Sub Editor
বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশ, উন্নতি হলেও তলানিতে

বিশ্বের পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ এখনো দুর্বল অবস্থানেই রয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তালিকায় বাংলাদেশ বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্টধারী দেশের তালিকায় স্থান পেয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম দুর্বল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে। সেখানে দেখা যায়, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

মোট ১০১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। যদিও এটি আগের বছরের তুলনায় কিছুটা উন্নতি। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত সূচকে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

হেনলি পাসপোর্ট ইনডেক্স মূলত বিভিন্ন দেশের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং তৈরি করে।

এবারের তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের পাসপোর্টে ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা ১৮৮টি।

তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড—এই পাঁচ দেশের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। চতুর্থ অবস্থানে থাকা ১০টি ইউরোপীয় দেশের পাসপোর্টে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ রয়েছে ১৮৫টি দেশে।

পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত—যাদের নাগরিকরা ১৮৪টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

র‌্যাংকিংয়ের একেবারে নিচের দিকে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন (৯৮তম), ইরাক (৯৯তম), সিরিয়া (১০০তম) এবং আফগানিস্তান (১০১তম)। এসব দেশের নাগরিকরা ২৪ থেকে ৩১টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটি ৫২তম অবস্থানে রয়েছে এবং মালদ্বীপের নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

এ বছরের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বজুড়ে ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্যকে বিবেচনায় নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।