মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম

ছুটির দিনেও দূষণে শীর্ষে ঢাকা, একিউআই ২৭৫

জাতীয়
Sub Editor
ছুটির দিনেও দূষণে শীর্ষে ঢাকা, একিউআই ২৭৫
ছবি: সংগ্রহীত

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কে যানবাহন ও মানুষের চাপ তুলনামূলক কম থাকলেও ঢাকার বায়ুদূষণ পরিস্থিতিতে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।

শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২৭৫। একিউআই মানদণ্ড অনুযায়ী, এই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এর আগের দিন বৃহস্পতিবারও একই অবস্থানে ছিল ঢাকা, অর্থাৎ টানা কয়েক দিন ধরে রাজধানীবাসী মারাত্মক দূষিত বাতাসে শ্বাস নিচ্ছেন।

দূষিত শহরের তালিকায় ঢাকার পরেই রয়েছে ভারতের দিল্লি ও চীনের শাংহাই। শহর দুটি যথাক্রমে ২৬০ ও ২৩৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে।

একিউআই সূচকে ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে বিপজ্জনক হিসেবে ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ুমান জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে বৃষ্টির অভাব ও শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকায় বায়ুদূষণ তীব্র আকার ধারণ করে। অপরিকল্পিত সড়ক খনন, নির্মাণকাজ থেকে উড়ে আসা ধুলা, রাজধানীর আশপাশের ইটভাটার ধোঁয়া এবং ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়াই দূষণের প্রধান কারণ।

দীর্ঘ সময় ধরে এমন বিষাক্ত বাতাসে বসবাসের ফলে শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ, হৃদরোগ এবং ক্যানসারের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।

এ অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বাইরে বের হলে উন্নতমানের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।