ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য ওমর বিন হাদিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকালীন সময়ে তিনি কোনো ধরনের পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে জানা গেছে, বর্তমানে বার্মিংহাম মিশনে দ্বিতীয় সচিব নামে কোনো স্থায়ী পদ নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনীতিক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো নিয়োগ দিলে সংশ্লিষ্ট মিশনে স্বয়ংক্রিয়ভাবে সেই পদ সৃষ্টি হয়ে যায়।