মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:১১ এএম

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ মিত্রে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণ

আন্তর্জাতিক
Sub Editor
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ মিত্রে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

 

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের আটটি মিত্র দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো সমঝোতা না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি।

স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব পণ্যে প্রথম দফায় ১০ শতাংশ শুল্ক বসানো হবে। পরবর্তীতে ১ জুন থেকে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।

ট্রাম্পের ভাষ্য, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের সফরের পেছনে ‘অস্পষ্ট উদ্দেশ্য’ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে তারা ঝুঁকিপূর্ণ পথে হাঁটছে। তিনি দাবি করেন, দেড় শতাব্দীরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’-এর জন্য অঞ্চলটি এখন আরও কৌশলগত গুরুত্ব পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কানাডার সম্ভাব্য নিরাপত্তা সুরক্ষার প্রসঙ্গও তোলেন ট্রাম্প।

এর আগের দিন (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত না হলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হতে পারে, কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন।

এদিকে ট্রাম্পের হুমকির কড়া সমালোচনা করেছে ইউরোপীয় দেশগুলো। তারা জানায়, শুল্কের চাপে ইউরোপ পিছু হটবে না। হুমকি কার্যকর হলে সমন্বিত ও ঐক্যবদ্ধভাবে জবাব দেওয়া হবে বলে যুক্তরাজ্য ও জার্মানিসহ আট দেশের নেতারা সতর্ক করেছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রেক্ষিতে ডেনমার্কের অনুরোধে গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক ইউরোপীয় সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার জার্মানিসহ বিভিন্ন ইউরোপীয় দেশের সামরিক সদস্যরা সেখানে পৌঁছান।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।