মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৬, ০৩:৩১ পিএম

জুলাই যোদ্ধাদের কল্যাণে আলাদা বিভাগ গঠনের ঘোষণা তারেক রহমানের

রাজনীতি
Sub Editor
জুলাই যোদ্ধাদের কল্যাণে আলাদা বিভাগ গঠনের ঘোষণা তারেক রহমানের
তারেক রহমানের


আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই যোদ্ধাদের জন্য পৃথক একটি বিভাগ গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারগুলোর কল্যাণ ও দেখভালের লক্ষ্যে এই বিভাগ কাজ করবে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যেখানে গণঅভ্যুত্থান ২০২৪–এ শহীদদের পরিবার ও গুরুতর আহতরা অংশ নেন।

তারেক রহমান বলেন, অতীতে বিএনপি সরকার গঠন করার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ, আহত ও মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণে কাজ করছে। একইভাবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের দেখভাল ও কল্যাণে নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কোনো কিছুর মাধ্যমেই পুরোপুরি লাঘব করা সম্ভব নয়। তবে রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং যোগ্যতা অনুযায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা যেতে পারে।

বিএনপি চেয়ারম্যান জানান, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে এসব দায়িত্ব ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

তারেক রহমান বলেন, যারা গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তাদের লক্ষ্য ছিল একটি স্বনির্ভর, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। সেই লক্ষ্য পূরণে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে ভবিষ্যতেও শোক ও বেদনার পুনরাবৃত্তি ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।