মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:২৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৬, ০৪:৩৫ পিএম

নিষিদ্ধ দলের নেতা হলেও প্রার্থী হওয়া যাবে: নির্বাচন কমিশন

জাতীয়
Sub Editor
নিষিদ্ধ দলের নেতা হলেও প্রার্থী হওয়া যাবে: নির্বাচন কমিশন
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে আইনজীবীদের যুক্তিতর্ক চলাকালে তিনি এ মন্তব্য করেন।

এদিন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী দাবি করেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন।

এই যুক্তির জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হলেও সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। পরে সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি রোববার সকাল সোয়া ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।